২৫ বছর আগে বিশ টাকা ফেরত না দেওয়া নিয়ে দ্বন্দ্বে বিপ্লব বশিরকে ছুরিকাঘাতে খুনের মামলায় মনির হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে ঢাকার একটি আদালত।
গতকাল রবিবার ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলাম যাজজ্জীবন দ-ের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদ- দেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত।
মামলার বাদী বিপ্লবের পিতা নজির আহম্মদ তার অভিযোগে বলেন, ২০০১ সালের ৪ ডিসেম্বর বিকেলে গোপীবাগ এলাকার মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে বাসায় ফেরার পথে তিনি দেখেন মনির রাস্তায় দাঁড়িয়ে থাকা তার ছেলে বিপ্লবকে একাধিকবার ছুরিকাঘাত করে। এ সময় বিপ্লবের চিৎকারে বাদীসহ কয়েকজন গিয়ে মনিরকে জাপটে ধরে ফেলেন। ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন। ওইদিনই নজির আহম্মদ ডেমরা থানায় এ হত্যা মামলাটি করেন।
২০০২ সালের ৩১ মার্চ মনিরকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন ডেমরা থানার এসআই (উপপরিদর্শক) আ. জব্বার। তদন্ত প্রতিবেদনে বলা হয়, মনিরের কাছ থেকে বিপ্লব ২০ টাকা ধার নিয়েছিল। সেই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে মনির বিপ্লবকে খুন করেন। ২০০২ সালের ৩ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত। ২০০৯ সালে আসামি মনির জামিনে গিয়ে পলাতক হন। ২৪ বছরে বিচার চলাকালে আদালত ৫ জনের সাক্ষ্যগ্রহণ করে এ রায় দেয়।