৯৯৯-এ ফোন, পিস্তলসহ ধরা পড়ল ৩ ছিনতাইকারী

ব্যাংক থেকে তুলে নেওয়া ৩৯ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে ভাগতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ল ছিনতাইকারী; এরপর জনতা ও পুলিশের সাঁড়াশি অভিযানে ধরা পড়ল পুরো চক্র!

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০২:৫২ পিএম

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর দ্রুত পদক্ষেপে ঢাকার ধানমন্ডিতে পিস্তলসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) ধানমন্ডি লেক এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে কল করে এই ছিনতাইয়ের ঘটনাটি জানান।

ঘটনার বিবরণ অনুযায়ী, এক ভুক্তভোগী ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ভুক্তভোগী দ্রুত তাদের পিছু ধাওয়া করলে একপর্যায়ে এক ছিনতাইকারী মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় উপস্থিত স্থানীয় জনগণ পিস্তলসহ তাকে হাতেনাতে আটক করে।

৯৯৯ নম্বরে কলটি ধরেছিলেন কলটেকার কনস্টেবল মজিবুর রহমান। পরবর্তীতে কলার ও ধানমন্ডি থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পুলিশ পাঠাতে সমন্বয় করেন পুলিশ ডিসপাচার এসআই মো. জহিরুল ইসলাম।

সংবাদ পাওয়ার পরপরই ধানমন্ডি থানার একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১টি পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েল (৪১) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে সাথে নিয়ে ধানমন্ডি থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক যৌথ দল অভিযান চালিয়ে এই চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত