নাটোরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৬:১৮ পিএম

নাটোরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) নাটোর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসক মোছা.সুমনী আক্তার এবং সংস্কৃতি উপ সচিব মো.খালিদ হোসেন যৌথভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুলের সাহিত্যকর্ম এবং জীবনদর্শন আমাদের জাতীয় জীবনে প্রেরণার উৎস। কবির জীবনাদর্শ, সাহিত্যকর্ম ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। নজরুল চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সাম্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। 

জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব মো, খালিদ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম এবং নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. খসরু আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। 

জেলা কালচারাল অফিসার মো. শাহাদত হোসেন জানান, আগামী ২ সেপ্টেম্বর থেকে জেলার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুল, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নজরুল সংগীত, আবৃত্তি, চিত্রাংকন, অভিনয়, নৃত্য, হামদ-নাত-ইসলামিক গান ও গজল, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। এরপর উপজেলা থেকে পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।




সর্বশেষ সর্বাধিক পঠিত