বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাচ্ছে। আকস্মিক-ভাবেই টুর্নামেন্টের চলতি আসরে গায়ানা আমাজন ওয়ারিয়র্সে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। বিষয়টি মিরাজই নিশ্চিত করেছেন।
সিপিএলে এবার মিরাজ সুযোগ পেয়েছেন টুর্নামেন্টের মাঝপথে। এরই মধ্যে তিনটি ম্যাচ খেলেছে গায়না। যেখানে তিনটিতেই জয় পেয়েছে। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে তারা।
গায়ানার প্রথম পর্বে আরও সাতটি ম্যাচ বাকি। এরপর দলটি কোয়ালিফাইং রাউন্ডে জায়গা করে নিতে পারলে ম্যাচের সংখ্যা আরও বাড়বে। জানা গেছে, কোয়ালিফায়ার পর্বের আগে গায়ানার হয়ে ৯, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর চারটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মিরাজ। দলটি কোয়ালিফায়ারে উঠতে পারলে টুর্নামেন্টে তার ম্যাচের সংখ্যা আরও বাড়তে পারে।
সিপিএলে অবশ্য এটাই মিরাজের প্রথম অধ্যায় নয়। ২০১৭ সালে শাহরুখ খানের মালিকানাধীন ত্রিনবাগো নাইট রাইডার্স তাকে দলে নিয়েছিল। তবে টুর্নামেন্টের শেষ দিকে কয়েকটি ম্যাচের জন্য দলে যোগ দিলেও মাঠে নামার সুযোগ পাননি তিনি।
এরপর পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স ও লঙ্কা প্রিমিয়ার লিগে গলে গ্ল্যাডিয়েটরসের হয়েও খেলেছেন বাংলাদেশের এ অলরাউন্ডার।