লোকমানপুরে রেললাইনে ভাঙন, ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বিচ্ছিন্ন ছিল। এ সময় আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে অন্তত ছয় ট্রেন আটকা পড়লে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে ভাঙা অংশে জরুরি মেরামত শেষে বর্তমানে ঘণ্টায় ২০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ট্রেন চলাচল করছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশন সংলগ্ন ২২৭/০ নম্বর রেল পিলার এর কাছে ভাঙা শনাক্ত হয়। 

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল উপজেলার লোকমানপুর স্টেশন সংলগ্ন ২২৭/০ নম্বর রেল পিলারের কাছে রেললাইন ভাঙা দেখতে পান কর্তব্যরত রেলকর্মীরা। নিয়মিত পরিদর্শনের সময় বিষয়টি নজরে এলে তারা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করেন। এ সময় রাজশাহীর সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস ট্রেনগুলো আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে।

রেলওয়ের মিস্ত্রি (মেট) মোস্তাক আহমেদ জানান, সকালে ভাঙা শনাক্ত হওয়ার পর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত মেরামত কাজ শুরু করি। আপাতত ভাঙা অংশটি ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন অতিক্রম করার নির্দেশনা দেওয়া রয়েছে। পূর্ণাঙ্গ মেরামত সম্পন্ন হলে গতি স্বাভাবিক হবে।

এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুদ রানা বলেন, সকাল ৬টা ৪০ মিনিটে আমরা রেললাইন ভাঙার খবর পাই। এর পরপরই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে। বর্তমানে গতি নিয়ন্ত্রিত থাকলেও রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। আটকে পড়া ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত