ইংলিশ কাউন্টি ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা হতে যাচ্ছে। এবারই প্রথমবার কাউন্টি ক্রিকেটে একই ক্লাবের হয়ে একসঙ্গে মাঠ কাঁপাতে যাচ্ছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। তরুণ পেসার হাসান মাহমুদের পর আরও এক বাংলাদেশি পেসার খালিদ আহমেদকে দলে ভিড়িয়েছে ইংলিশ কাউন্টি ক্লাব কেন্ট। ক্যানটারবারিতে ডিভিশন ২ থেকে প্রমোশনের লড়াইয়ে কেন্টের পেস আক্রমণ শানাতে ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ৩৩ বছর বয়সী এই ডানহাতি পেসার।
ঐতিহাসিক এই সুযোগে উচ্ছ্বাস প্রকাশ করে খালিদ আহমেদ বলেন, ‘কাউন্টি ক্রিকেট খেলা এবং কেন্টের মতো বড় ইতিহাসের একটি ক্লাবে যোগ দেওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। মৌসুমের এই সময়টা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর কেন্টকে প্রমোশন অর্জনে সাহায্য করতে আমি শতভাগ উন্মুখ হয়ে আছি।’
জাতীয় দলের সতীর্থ হাসান মাহমুদ ও এজেন্টের পরামর্শেই কেন্টের প্রস্তাবে রাজি হয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, “খবরটা শোনামাত্রই ‘হ্যাঁ’ বলাটা আমার জন্য একদম সহজ সিদ্ধান্ত ছিল। হাসান এবং আমার এজেন্ট দুজনেই কেন্টের চমৎকার পরিবেশ এবং এটিকে একটি ‘ফ্যামিলি ক্লাব’ হিসেবে প্রশংসা করেছে। আশা করি, কেন্টের সমর্থকদের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটভক্তদেরও গর্বিত করতে পারব।”
একই ক্লাবে দুই বাংলাদেশি পেসারকে পাওয়া নিয়ে কেন্টের ডিরেক্টর অব ক্রিকেট সাইমন কুক বলেন, ‘হাসানের সঙ্গে সেপ্টেম্বরের লড়াইয়ে খালিদকে ক্যানটারবারিতে পেয়ে আমরা আনন্দিত। মৌসুমের শেষ মুহূর্তের ম্যাচগুলোতে বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো ও পেস আক্রমণ শক্তিশালী করতেই তাকে আনা। হাসানের পর খালিদের আগমনে বাংলাদেশি সমর্থকদের যে উদ্দীপনা দেখছি, তা ক্লাবের জন্য সত্যিই ইতিবাচক।’
২০১৫ সালে সিলেটের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া খালিদ ৭০ ম্যাচে ১৯০টি উইকেটের মালিক। দেশের হয়ে ১৮ টেস্টে ৩৪টি উইকেট শিকার করেছেন তিনি।
আজ বুধবার থেকে ক্যানটারবারিতে ওস্টারশায়ারের বিপক্ষে শুরু হতে যাওয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে কেন্টের একাদশে হাসান মাহমুদের পাশাপাশি খালিদ আহমেদকে একসঙ্গে অ্যাকশনে দেখা যেতে পারে।