চরফ্যাশনে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ এএম

ভোলার চরফ্যাশনে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোস্তাফিজের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফ্যাশন এলাকার মো. হাছনাইন (২৬) এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. হাফেজ (৪০)।

পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই মো. সোহেল কামাল।

অভিযানকালে হাছনাইন ও হাফেজের কাছ থেকে ৫০০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশের ভাষ্য, আটক দুজন মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় চরফ্যাশন থানায় মামলা করা হয়েছে।

চরফ্যাশন থানায় দায়ের করা মামলাটির নম্বর ১, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি জিআর ১৬৬/২০২৬ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আটক দুজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত