মায়ামি ছেড়ে কী রোজারিওতে ফিরবেন মেসি?

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম

বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসি কি তবে নিজের শৈশবের শহর রোজারিওতে ফিরে আর্জেন্টিনার মাটিতে ফুটবল মাতাবেন? সম্প্রতি  আলবিসেলেস্তে জার্সিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পর থেকেই ফুটবল পাড়ায় এই জল্পনা তুঙ্গে। আর কতদিন খেলবেন ইন্টার মায়ামির হয়ে? ফিরতে পারেন কী রোজারিওতে?

ঠিক এমন এক সময়ে আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের গভর্নর ম্যাক্সিমিলিয়ানো পুল্লারো জানিয়েছেন, মেসি হয়তো একসময় কিছুদিনের জন্য হলেও নিজের শহরে খেলতে পারেন।

আর্জেন্টাইন গণমাধ্যমে ইনফোবের এক প্রতিবেদনের বরাতে, রোসারিওর রেডিও স্টেশন ‘কাদেনা থ্রি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে গভর্নর পুল্লারো এই সম্ভাবনার কথা ব্যক্ত করেছেন। মেসির সঙ্গে নিজের কথোপকথন ও পারিপার্শ্বিক অবস্থা নিয়ে গভর্নর বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়টি এখানে রোসারিওতে এসে কিছুদিন খেলার একটা সম্ভাবনা রয়েছে। এটা সবারই জানা যে আমি তার সাথে কয়েকবার কথা বলেছি এবং যদিও তাকে আমাকে কিছু বলার প্রয়োজন নেই, তবুও তার কাছের মানুষদের মধ্যে আমি এক ধরনের উৎসাহ দেখেছি। আমি আশা করি, সত্যিই এমনটাই হোক।’ 

ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি এবং শেষ সময়ের ব্যস্ততা সত্ত্বেও মেসির শেকড়ের প্রতি টানের বিষয়টি আলাদা করে উল্লেখ করেন পুল্লারো। রোসারিওর ভালোর কথা চিন্তা করে নিজের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও যোগ করেন, ‘অবশ্যই আমি এ নিয়ে দারুণ রোমাঞ্চিত, ঠিক যেমনটি ডি মারিয়ার ফেরার গুঞ্জনের সময় ছিল। মেসি অন্তত কিছু সময়ের জন্য হলেও সিটিতে খেলতে এলে তা রোসারিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমি কোনো নির্দিষ্ট ক্লাবের জন্য নয়, রোসারিও শহরের ভালোর জন্য যা কিছু করার সবই করব।’ 

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে ২০২৬ মৌসুমের শেষ প্রান্তে থাকা এই মহাতারকার রোসারিওতে ফেরার গুঞ্জন ভক্তদের মনে নতুন রোমাঞ্চের জন্ম দিয়েছে। গভর্নর পুল্লারোর এই আশাবাদ সত্যি হলে আর্জেন্টাইন ফুটবলের এই জাদুকরকে নিজ শহরের ক্লাবে দেখতে পাওয়ার স্বপ্ন হয়তো দ্রুতই বাস্তবে রূপ নিতে পারে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত