ব্রাজিলিয়ান ক্লাবের মালিক হলেন রোনালদো-কার্লোস

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম

মাঠের ফুটবলে একসঙ্গে কাটিয়েছেন সোনালী এক অধ্যায়। এবার মাঠের বাইরে, ক্লাব ফুটবলে নতুন বিপ্লব ঘটানোর আসরে নেমেছেন ব্রাজিলের দুই বিশ্বজয়ী কিংবদন্তি রোনালদো নাজারিও ও রবার্তো কার্লোস।

১১২ বছরের বর্ণিল ইতিহাস সমৃদ্ধ ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব ইন্টার দে লিমেইরার নিয়ন্ত্রণ চলে যাচ্ছে এই দুই মহাতারকার নেতৃত্বাধীন এক বিনিয়োগকারী দলের হাতে। সাও পাওলোর ছোট এই ক্লাবটিকে ঘিরে সাজানো হয়েছে এক সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যান, যা পাল্টে দিতে পারে ব্রাজিলিয়ান ফুটবলের চিরচেনা সমীকরণ।

ক্লাবের বার্ষিক সাধারণ সভায় ৫৪ জন বোর্ড সদস্যের মধ্যে ৫৩ জনের ঐতিহাসিক রায় ক্লাবটিকে ‘এসএএফ’ বা পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পথ উন্মুক্ত করেছে। এই ডিলের আওতায় নতুন বিনিয়োগকারীরা ক্লাবের ৮০ শতাংশ মালিকানা বুঝে নেবে, আর বাকি ২০ শতাংশের নিয়ন্ত্রণ থাকবে ক্লাব সদস্যদের হাতেই।

প্রজেক্টটির মূল দায়িত্বে থাকা ফুটবল এক্সিকিউটিভ এনরিকো অ্যামব্রোজিনির পাশাপাশি এই মেগা প্রজেক্টে যুক্ত হয়েছেন রোনালদো ও কার্লোস। এমনকি দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, এই বিনিয়োগকারীর তালিকায় নাম রয়েছে সৌদি যুবরাজ আবদুল্লাহ বিন সাদেরও।

ক্লাবটির ভবিষ্যৎ নিয়ে বিশাল অঙ্কের আর্থিক বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে নতুন কর্তৃপক্ষ। আগামী এক দশকে ক্লাবটিতে প্রায় ৪৫৪ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল, যার মূল লক্ষ্য আগামী আট বছরের মধ্যে দলটিকে ব্রাজিলের শীর্ষ লিগ ‘ব্রাসিলেইরাও সিরি আ’-তে তুলে আনা।

১৯৮৬ সালের ক্যাম্পেওনাতো পাওলিস্তা জয়ী এই ক্লাবটি বর্তমানে নিজেদের তৃতীয় স্তরের লিগের শেষ চারে থেকে বেশ জোরালোভাবেই দ্বিতীয় স্তরে প্রমোশন পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে। সেখানে কিংবদন্তি দুই তারকার ছোঁয়া ও আধুনিক ব্যবস্থাপনার হাত ধরে ইন্টার দে লিমেইরা এখন নতুন এক সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত