চট্টগ্রামের পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সাবেক এমপি নজরুল ইসলামের বসতঘরে দুই সপ্তাহের ব্যবধানে আবারও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২ আগস্ট) ভোরে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উপজেলা ভূমি অফিস সংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাবেক এমপি নজরুল ইসলামের পরিবারের সদস্যরা চট্টগ্রাম শহরে বসবাস করেন। পটিয়ার ওই বসতবাড়িতে কেয়ারটেকার মো. লিটন থাকতেন। তিনি অসুস্থ থাকায় সাবেক এমপির ভাগনে আজাদ ওই বাড়িতে অবস্থান করতেন। মঙ্গলবার রাতে আজাদ বাড়িতে না থাকার সুযোগে চোরের দল চুরির ঘটনা ঘটায়।
সাবেক এমপি নজরুল ইসলামের ভাগনে সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চোরের দল ঘরে ঢুকে পুরো ঘর তছনছ করে। চোরেরা ভেতরের আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার, আইপিএসের ব্যাটারি, দামি পিতলের বিভিন্ন সরঞ্জাম ও জামাকাপড়সহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এছাড়া বাড়িতে থাকা পুরোনো অনেক স্মৃতিচিহ্নও চুরি হয়েছে বলে তিনি জানান।
সাবেক এমপি নজরুল ইসলামের পরিবারের সদস্য বোরহান উদ্দীন চুরির বিষয়টি নিশ্চিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান মালামাল নিয়ে গেছে।
এর মাত্র ১৫ দিন আগে একই ঘরে একই ধরনের চুরির ঘটনা ঘটেছিল। পরপর দুইবার একই বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, সাবেক এমপির বসতঘরে চুরির বিষয়টি তিনি ইতোমধ্যে শুনেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু