ঢাবিতে হলের ছাদে ৫ শিক্ষার্থীর গাঁজা সেবন, তদন্ত কমিটি গঠন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের ছাদে গাঁজা সেবনের অভিযোগ উঠেছে পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হলের প্রভোস্টসহ তিন শিক্ষক সেখানে অভিযান চালালে শিক্ষকদের দেখে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

ঘটনাটি তদন্তে হলের আবাসিক শিক্ষক মো. নাহিদ তানভীর খানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। কমিটির অন্য দুই সদস্য হলেন আবাসিক শিক্ষক মো. রনি মৃধা ও সহকারী শিক্ষক মুহাম্মদ সাইফুল ইসলাম।

অভিযানের সময় হলের প্রভোস্ট অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপনের সঙ্গে আবাসিক শিক্ষক মো. রনি মৃধা, সহকারী আবাসিক শিক্ষক সাইফুল ইসলাম এবং হলের কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রনি মৃধা।

শনাক্ত করা শিক্ষার্থীরা হলেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোরশেদুল ইসলাম আকাশ, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সিফাত হোসেন, একই শিক্ষাবর্ষের ওবাইদুর রহমান ত্বকি, যোগাযোগ বৈকল্য বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের পলক সানজিদ শুভ এবং ইসলামের ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমন আহাম্মেদ।

ঘটনার সময়ের বর্ণনা দিয়ে তদন্ত কমিটির সদস্য ও আবাসিক শিক্ষক মো. রনি মৃধা বলেন, হলে মাদক সেবনের খবর পেয়ে তাঁরা হলের ছাদে উঠেছিলেন। তখন তিনি, আরও দুজন শিক্ষক এবং হলের কয়েকজন প্রতিনিধি সেখানে ছিলেন। তাঁদের দেখতে পেয়ে অভিযুক্তরা দৌড়ে চলে যান।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন বলেন, ঘটনার তদন্তে একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত