ভোলায় পিস্তল-জাল নোট জব্দ, গ্রেপ্তার ৬

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

ভোলায় পৃথক চারটি অভিযান চালিয়ে চায়না পিস্তল, ম্যাগাজিন, ২ লাখ ৫০ হাজার টাকার জাল নোট ও ৮৪৮ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এসব ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর)  প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এসব তথ্য জানান। 

গ্রেপ্তাররা হলেন নাহিদ হোসাইন (২৬), মো. মামুন (৩৬), জাহিদুল ইসলাম রাকিব (৩৮), মো. হাছনাইন (২৬) ও মো. হাফেজ (৪০)।

প্রেস বিফ্রিংয়ে বলা হয়, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং জাল নোটের বিস্তার রোধে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ১ ও ২ সেপ্টেম্বর জেলার বিভিন্ন এলাকায় পৃথক চারটি অভিযান পরিচালনা করা হয়। ২ সেপ্টেম্বর রাত সোয়া ৩টায় চরপাতা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের খরকেশ্বর এলাকায় অভিযান নাহিদ হোসাইন নামে একজনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে একটি সেমি অটোমেটিক ৭.৬২ মিমি চায়না পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় দৌলতখান থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

এদিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২ লাখ ৫০ হাজার টাকার জাল নোটসহ মো. মামুন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এই দিন সকালে দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘোষেরহাট এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার টাকা মূল্যমানের ২০০টি এবং ৫০০ টাকা মূল্যমানের ১০০টি জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুলারহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

এছাড়া ১ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে লালমোহন ডিবির অভিযানে ৩৪৮ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম রাকিব ও মো. নুরুল ইসলাম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

একইভাবে চরফ্যাশন থানার পুলিশ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. হাছনাইন ও মো. হাফেজ নামে আরও দুজনকে গ্রেপ্তার করে। ১ সেপ্টেম্বর দুপুরে চরফ্যাশন পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মোস্তফার বাড়ির সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, শুধু বাহক নয়, বড় মাদক কারবারিদের চিহ্নিত করতে কাজ চলছে। সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত