জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ এএম

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সমাজসেবা ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান লাবিব। সংগঠনটির সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করায় তাকে ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

‎বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তির ৫ম সাধারণ সভায় কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। পরে সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়।

‎এ বিষয়ে ভারপ্রাপ্ত সভাপতি বলেন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে তার পদ থেকে পদত্যাগ করেছেন। এ পরিপ্রেক্ষিতে, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আমাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।‎ ‎আমরা অতি শিগগিরই কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব।

‎এর আগে, গত বছরের ৩১ অক্টোবর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে জাহিদ আহসানকে কেন্দ্রীয় সভাপতি এবং আবু বাকের মজুমদারকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত