বড়লেখায় অস্ত্রসহ গ্রেপ্তার ভারতীয় নাগরিক রিমান্ডে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্র, দুই রাউন্ড শিশা গুলি ও পাঁচশ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ভারতীয় নাগরিক বলাই নমসুত্রের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার (২) আগষ্ট দুপুরে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ কামরুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য আসামিকে থানা হেফাজতে নিয়ে গেছেন। আসামি বলাই নমসুত্র ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা সদরের গোবিন্দপুর গ্রামের মৃত জিতেন্দ্র নমসুত্রের ছেলে।

জানা গেছে, ২৭ আগস্ট রাতে বিজিবি লাতু ক্যাম্পের একটি বিশেষ টহলদল বড়লেখা উপজেলার কুমারশাইল এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। একপর্যায়ে কয়েকজন চোরাকারবারী পালিয়ে গেলেও আহত অবস্থায় ভারতীয় নাগরিক বলাই নমসুত্রকে আটক করে বিজিবি।

পরে তার কোমরে গোঁজা অবস্থায় একটি পিস্তল সদৃশ্য ইয়ারগান, দুই রাউন্ড শিশা গুলি ও ৫ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় ২৮ আগস্ট বিজিবি লাতু ক্যাম্পের হাবিলদার মং থোয়াই চিং মারমা থানায় মামলা করেন।

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারি রিপন আহমদ আদালত কর্তৃক ভারতীয় নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত