ক্রোয়েশিয়ায় ঢোকার চেষ্টা

বসনিয়া সীমান্তে আটক বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ এএম

ক্রোয়েশিয়ায় ঢোকার চেষ্টাকালে বাংলাদেশসহ তিন দেশের প্রায় ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। গত বুধবার উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকার সীমান্তে দুটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার পুলিশ এই তথ্য জানায়।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক অভিবাসনপ্রত্যাশীদের বড় অংশ বাংলাদেশি নাগরিক। প্রথম অভিযানে একটি দল থেকে মোট ৬৩ জনকে আটক করে পুলিশ। এই দলে ২৩ জন বাংলাদেশি এবং ৪০ জন পাকিস্তানি নাগরিক ছিলেন। একই এলাকা থেকে চালানো দ্বিতীয় অভিযানে আরও ৩৩ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করে পুলিশ। এই দ্বিতীয় দলটিতেও বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। পুলিশ জানায়, সীমান্তবর্তী সাভা নদী পার হওয়ার জন্য অভিবাসনপ্রত্যাশীরা দুটি নৌকা ব্যবহারের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ সেই নৌকা দুটি জব্দ করেছে। এই পাচারচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহে দুই মানব পাচারকারীকে শনাক্ত করেছে পুলিশ।

ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা ফ্রন্ট্যাক্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে এই বলকান পথ দিয়ে ৪ হাজার ৯০০ এর বেশি অবৈধ সীমান্ত পারাপার নিবন্ধিত হয়েছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় এবার অবৈধ পারাপার ২৬ শতাংশ কমেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত