রুহুল কবির রিজভী বললেন

বিএনপির আন্দোলনের ভিত্তি ছিল বলেই জুলাই অভ্যুত্থান সফল

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ এএম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একদিনে বা হঠাৎ করে কোনো বিপ্লব সংঘটিত হয় না। দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির নিরবচ্ছিন্ন আন্দোলন-সংগ্রামের ভিত্তির ওপর দাঁড়িয়েই জুলাইয়ের ছাত্র-জনতার রক্তঝরা গণঅভ্যুত্থান চূড়ান্ত রূপ পেয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে ছাত্রদলের ডিজিটাল প্ল্যাটফর্ম ও চারটি বুকলেটের উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের ত্যাগের ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, গত দেড় দশকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম-খুন, মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তাদের ত্যাগের পথ ধরেই সমাজে বৃহৎ আন্দোলনের পটভূমি তৈরি হয়েছে। সর্বস্তরের মানুষের গণজাগরণ সৃষ্টি সম্ভব হয়েছে।

ছাত্র রাজনীতিকে আধুনিক ও গণমুখী করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, শিক্ষার সঙ্গে আধুনিক প্রযুক্তির সঠিক মেলবন্ধন ঘটাতে হবে। ছাত্রদলের ডিজিটাল প্ল্যাটফর্ম দেশ ও বিশ্ব রাজনীতির গতিপ্রকৃতি এবং শিক্ষার্থীদের রাজনৈতিক শিক্ষার মান বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ছাত্রদলের অফিশিয়াল ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। এতে সাংগঠনিক কর্মসূচির ইভেন্ট ম্যাপ, বিভিন্ন ইউনিটের পরিচিতি, প্রেস রিলিজ ও শিক্ষার্থীদের মতামত জানানোর সুযোগ রাখা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের সঞ্চালনায় সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত