পেশাদারত্বের সঙ্গে পুলিশকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির 

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ এএম

দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও  পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সঙ্গে  সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব  মো. সরওয়ার আলম এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

রাষ্ট্রপতি মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, ‘পুলিশকে দুষ্টের দমনে অত্যন্ত কঠোর এবং শিষ্টের পালনে ন্যায়সংগত ও মানবিক আচরণ করতে হবে।’ তিনি আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন। তাছাড়া অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচারসহ সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার দমন এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রধানকে নির্দেশ দেন। এ সময় রাষ্ট্রপতি বিচারবহির্ভূত হত্যা, জনহয়রানি ও মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার জন্য পুলিশকে নির্দেশনা দেন।

সাক্ষাৎকালে আইজিপি রাষ্ট্রপতিকে পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি তিনি রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত