মুক্তি পেল সালমান শাহ’র স্মৃতিতে নির্মিত ‘লাভ ৯৬’

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

মৃত্যুর তিন দশক পার হলেও এখনও দর্শক মনে বিন্দুমাত্র আবেদন কমেনি চিত্রতারকা সালমান শাহ’র। তাকে ঘিরে দর্শকের আগ্রহ ও আবেগ রয়েছে। নব্বইয়ের দশকে যে জনপ্রিয়তা তিনি পেয়েছিলেন, তা আজও ভক্তদের মনে অমলিন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু পুরো দেশকে শোকস্তব্ধ করেছিল। সালমান শাহর রহস্যজনক মৃত্যু, দর্শকের আবেগ ও সেই সময়ের আবহ তুলে ধরে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘লাভ ৯৬’। মূলত সালমান শাহ’র এক অন্ধ ভক্তের গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি মুক্তি পেয়েছে আজ ৪ সেপ্টেম্বর (শুক্রবার)। 

ইভান মল্লিক মল্লিক পরিচালিত এই সিনেমাটি প্রদর্শিত হচ্ছে ঢাকাসহ দেশের  দেশের ২০টি প্রেক্ষাগৃহে। নির্মাতা ইভান মল্লিক জানান, ছোটবেলায় প্রেক্ষাগৃহে সালমান শাহর সিনেমা দেখেই তার প্রতি ভালো লাগা তৈরি হয়। ১৯৯৬ সালে টেলিভিশনে সালমান শাহর মৃত্যুর খবর দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরে সালমান শাহর ভক্তদের আবেগের নানা গল্প তাকে গভীরভাবে নাড়া দেয়। 

পরিচালক বলেন, ‘আমি যখন প্রাইমারিতে পড়ি, সে সময় প্রথম প্রেক্ষাগৃহে সালমান শাহর সিনেমা দেখি। ১৯৯৬ সালে যখন টিভিতে সালমান শাহর মৃত্যুর সংবাদ পাই, সেই বয়সেই আমি খবরটা নিতে পারিনি। নানা দিক থেকে শুনেছি, সালমানের মৃত্যুর খবর শুনে কেউ কেউ আত্মহননের পথ বেছে নিয়েছে। খবরগুলো আমাকে ভীষণভাবে নাড়া দেয়।’ 

তিনি আরও বলেন, ‘বয়স যত বেড়েছে, সালমান শাহ আমার আরও প্রিয় হয়ে উঠেছেন। ২০০৮ সালে সিদ্ধান্ত নিই, সালমানভক্তদের উৎসর্গ করে সিনেমা বানাব। আমার বিশ্বাস, নব্বইয়ের দশকের মানুষেরা এই সিনেমার গল্পের সঙ্গে সহজেই কানেক্ট করতে পারবেন।’ ‘লাভ ৯৬’-এ জুটি বেঁধেছেন আরিয়ান খান ও পূর্ণতা। এটি দুজনেরই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। সিনেমায় তাদের চরিত্রের নাম খসরু ও দুলি। নির্মাতা জানিয়েছেন, সালমান শাহ ও শাবনূর অভিনীত শিবলী সাদিকের ‘আনন্দ অশ্রু’ সিনেমা থেকে চরিত্র দুটির নাম নেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত