সার মজুদের অভিযোগ

ডিলারকে কারাদন্ড জরিমানা, ২ গুদাম সিলগালা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ এএম

বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুরে এক সার ডিলারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- ও ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত পরিমাণ সার মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করার অভিযোগে এ দ- দেওয়া হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ওই ডিলারের এক হাজার ৬৭৫ বস্তা সার জব্দ এবং দুটি গুদাম সিলগালা করে দিয়েছে।

আদমদীঘির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম গত বৃহস্পতিবার রাতে নসরতপুর বাজারের বিএডিসির ডিলার সজিব সাহার গুদাম মেসার্স সজিব ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন।

জানা যায়, বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের নির্দেশনায় ও আদমদীঘি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েলের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সারের গুদাম দুটি শনাক্ত করেন। তারা অভিযোগ করেন, গুদাম দুটিতে বিভিন্ন ধরনের সার অতিরিক্ত পরিমাণে মজুদ করে রেখেছেন ডিলার। সেখান থেকে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। তারা সার ব্যবসায়ী সজিব সাহাকে তার বাড়ি থেকে এনে গুদাম খুলে সারের মজুদ দেখতে পান।

সংবাদ পেয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পান। এ সময় জব্দ করা ১৬৭৫ বস্তা সার সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রির করার সিদ্ধান্ত দেন। অভিযানকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল ইসলামও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান, দেশে পর্যাপ্ত পরিমাণ সার রয়েছে, সারের কোনো সংকট নেই। কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির আর কোনো সুযোগ নেই। এ বিষয়ে উপজেলার সব সার ডিলার ও খুচরা বিক্রেতাকে সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত