ইসাকের জোড়ায় মৌসুমের প্রথম জয় লিভারপুলের

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম

নতুন কোচ আন্তোনিও ইরাওলার অধীনে মৌসুমের শুরুটা হোঁচট খেলেও অবশেষে স্বস্তির দেখা পেল লিভারপুল। ইপসউইচ টাউনের মাঠে আলেকজান্ডার ইসাকের দুর্দান্ত দুই গোল এবং কোডি গাকপোর নিখুঁত সুনিপুণ অ্যাসিস্টে ভর করে ২-০ গোলের জয় তুলে নিয়েছে অল রেডরা।

লিগের শুরু দুই ম্যাচ ড্রয়ের পর এটি এবারের মৌসুমে লিভারপুলের প্রথম জয়, সঙ্গে অল রেডদের কোচ হিসেবে ইরাওলারও প্রথম।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত গতিতে খেলতে শুরু করে লিভারপুল। ডিফেন্ডারদের পরাস্ত করে ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড ইসাক। এর রেশ কাটতে না কাটতেই ঠিক তিন মিনিট পর আবারও কোডি গাকপোর বাড়ানো পাস থেকে বল জালে জড়িয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলটি তুলে নেন এই সুইডিস ফরোয়ার্ড। ম্যাচের ৯ মিনিটের মাথাতেই স্কোরলাইন দাঁড়ায় ২-০তে, অবশ্য শেষ পর্যন্ত স্কোরলাইন ছিল এটিই।

পুরো প্রথমার্ধে লিভারপুলের আক্রমণভাগের গতি ও ধার দেখে মনে হচ্ছিল গত মৌসুমের ছায়া কাটিয়ে এক নতুন রূপ নিয়ে ফিরেছে দলটি। প্রথমার্ধে এমন জোড়া গোলের পর লিভারপুল আক্রমণভাগে কিছুটা রক্ষণাত্মক কৌশল অবলম্বন করলেও ইপসউইচ তাদের সেই দুর্বলতার সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি। এদিকে বদলি হিসেবে মাঠে নামা অল রেডদের নতুন তারকা ব্র্যাডলি বারকোলা নিজের গতির ঝিলিক দেখিয়ে দলের আক্রমণভাগকে আরও প্রাণবন্ত করে তোলেন।

ম্যাচ শেষে নিজের সন্তুষ্টি প্রকাশ করে ফরোয়ার্ড ইসা বলেন, ‘আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, ঠিক সেই ছন্দে পৌঁছাতে শুরু করেছি।’ 

এদিকে স্কাই স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক বলেন, ‘এটি একটি ভালো পারফরম্যান্স ছিল। আমরা শুরু থেকেই আরও সরাসরি খেলেছি, ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম। কোডি দুর্দান্ত দুটি বল বাড়িয়েছিল। একটি ভালো জয় এবং এখন পরের ম্যাচের প্রস্তুতি।’ 

দলীয় ফরোয়ার্ড গাকপোর পারফরম্যান্স ও দলবদলের গুঞ্জন প্রসঙ্গে ফন ডাইক আরও যোগ করেন, ‘ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই আমি বলেছিলাম যে সে (গাকপো) আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এই মৌসুমেও সে তেমনই থাকবে। সে আজ আবারও তা প্রমাণ করে দিয়েছে।’ 

খেলার মাঠে নতুন কোচ ইরাওলার কৌশল ধীরে ধীরে দলের মধ্যে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। এই জয় লিভারপুলকে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে পৌঁছে দিয়েছে। লিগে তাদের পরের ম্যাচ ফুলহামের বিপক্ষে, আগামী ১২ সেপ্টেম্বর। তবে এর আগেই আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে নামবে ইরাওলার দল। 

সর্বশেষ সর্বাধিক পঠিত