দারুস সালামে জানালা দিয়ে ছোড়া গুলিতে নারী আহত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম

রাজধানীর দারুস সালামের মাদবরবাড়ি এলাকায় একটি বাসায় জানালা দিয়ে গুলি ছোড়ার ঘটনায় জিয়াসমিন আক্তার (৩৮) নামে এক নারী আহত হয়েছেন। শনিবার রাত সোয়া ৮টার দিকে মাদবরবাড়ি মসজিদের পাশে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত জিয়াসমিনের ছেলে মো. মাজিদুল ইসলাম ইয়াসিন জানান, তারা একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন। তার বাবা আব্দুল মান্নান দিনমজুর এবং মা গৃহিণী। ঘটনার সময় জিয়াসমিন বাসায় একাই ছিলেন। ঘরের লাইট বন্ধ করে টেলিভিশন দেখছিলেন তিনি। এ সময় খোলা জানালা দিয়ে হঠাৎ বাইরে থেকে গুলি ছোড়া হয়। গুলিটি তার ডান হাতে লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় জিয়াসমিনকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ইয়াসিন জানান, কে বা কারা এবং কী কারণে তার মাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ নারী জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি দারুস সালাম থানাকে জানানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত