লাদাখে সিন্ধু নদীতে বাঁধ নির্মাণ নয়াদিল্লির

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ এএম

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক বৈরিতা এবং পানিবণ্টন চুক্তি নিয়ে অচলাবস্থার মধ্যেই লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ তৈরি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, দেশটির কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কৃষকদের সেচ সুবিধা বাড়াতে আপশি এলাকায় নির্মিত এই বাঁধটি সেখানকার প্রথম ‘রক চেক ড্যাম’। প্রতিবেদনে বলা হয়, বড় বড় প্রাকৃতিক পাথর ও বোল্ডার সাজিয়ে বাঁধটি তৈরি করা হয়েছে। নির্মাণকাজে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি। বাঁধের কারণে নদীর পানির স্তর প্রায় ১০ ফুট বেড়েছে। ফলে ইগু ফে সেচ খালের মাধ্যমে নদীর পানি কৃষিজমিতে প্রবাহিত করা সম্ভব হচ্ছে।

পাথরের তৈরি এই কাঠামোটিতে প্রায় ৪ কোটি লিটার পানি ধরে রাখা সম্ভব। এর ফলে আশপাশের গ্রামগুলোতে সেচের জন্য আরও নির্ভরযোগ্য পানির উৎস তৈরি হয়েছে। লাদাখের ঠা-া ও শুষ্ক পরিবেশে কৃষিকাজের জন্য পানির সংকট দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে বসন্তকালে বীজ বপনের মৌসুমে সিন্ধু নদীর পানির স্তর এমন পর্যায়ে নেমে যায় যে অনেক কৃষকের জন্য পাম্পের মাধ্যমে পানি তোলা কঠিন হয়ে পড়ে। নদী গভীর ও সরু গিরিখাত দিয়ে প্রবাহিত হওয়া এলাকাগুলোতে সমস্যাটি আরও প্রকট। নতুন চেক ড্যাম পানি ধরে রেখে নদীর পানির স্তর বাড়ানোর মাধ্যমে কৃষিজমিতে পানি নেওয়া সহজ করবে বলে আশা করা হচ্ছে।

কৃষির পাশাপাশি প্রকল্পটির কৌশলগত গুরুত্বও রয়েছে। ভারত বর্তমানে সিন্ধু পানি চুক্তি স্থগিত অবস্থায় রেখেছে। এই প্রেক্ষাপটে লাদাখের সীমান্তবর্তী এলাকায় সিন্ধু নদীর পানি ব্যবস্থাপনা ও ছোট আকারের পানি অবকাঠামো উন্নয়নে ভারতের মনোযোগ বাড়ছে। আপশির চেক ড্যামকে তাই শুধু একটি সেচ প্রকল্প হিসেবে নয়, বরং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেও দেখা হচ্ছে। লাদাখ প্রশাসন সিন্ধু নদীর বিভিন্ন এলাকায় আরও এ ধরনের চেক ড্যাম নির্মাণের পরিকল্পনা করছে। কিছু এলাকায় কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং আরও কয়েকটি প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে।

এছাড়া লাদাখ প্রশাসন ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের কাছে ৩৬টি চেক ড্যাম নির্মাণের অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবে লেহতে সাতটি হিমালয়ান রক চেক ড্যাম এবং কারগিলে ২৯টি চেক ড্যাম বা ওয়্যার নির্মাণের কথা রয়েছে। প্রস্তাবিত প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি রুপির বেশি। এগুলো বাস্তবায়িত হলে লাদাখের বিভিন্ন গ্রামের পানি সরবরাহ, সেচ সুবিধা ও সামগ্রিক পানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক নিহত হয়েছিলেন। এ ঘটনায় পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীকে দায়ী করে ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া ‘সিন্ধু পানিবণ্টন চুক্তি’ স্থগিত করে ভারত। যদিও নেদারল্যান্ডসের হেগে অবস্থিত সালিশি আদালত চুক্তি বহাল রাখতে দিল্লিকে নির্দেশ দিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত