চার তরুণের হাতে কালি ও কলম পুরস্কার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ এএম

চার তরুণ কবি-সাহিত্যিক পেলেন সিটি ব্যাংক নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’। গতকাল শনিবার ধানম-ির বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার পেয়েছেন কবিতা বিভাগে ‘এই গ্রাম কুড়িয়ে পেয়েছি’ বইয়ের জন্য রনক জামান; গ্রন্থ, প্রবন্ধ ও গবেষণা বিভাগে ‘বাংলাদেশ পাঠ : সাহিত্যিক ও সাংস্কৃতিক ক্রিয়াশীলতার অনুষঙ্গে’ বইয়ের জন্য রাফাত আলম; কথাসাহিত্য বিভাগে ‘ত্রিস্তান’ বইয়ের জন্য হামিম কামাল এবং শিশু-কিশোর সাহিত্য বিভাগে ‘দস্যু ও দুই দুরন্ত’ বইয়ের জন্য রবিউল কমল। মুক্তিযুদ্ধ ও বিপ্লব বিভাগে মানসম্মত গ্রন্থ না পাওয়ায় কোনো পুরস্কার দেওয়া হয়নি।

অনুষ্ঠানে প্রধান অতিথি কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আলোচক ছিলেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। পুরস্কৃতদের নাম ঘোষণা করেন বিচারকমণ্ডলীর সদস্য সাহিত্যিক ইমদাদুল হক মিলন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, কালি ও কলমের সম্পাদকমণ্ডলীর সদস্য ফারুক মাহমুদ এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

বুদ্ধির মুক্তির আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত সংগঠন ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর শতবর্ষ উদযাপিত হচ্ছে এ বছর। এ উপলক্ষে অনুষ্ঠানের মঞ্চে ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর বিভিন্ন সভায় গীত ঐতিহাসিক গানগুলো একক কণ্ঠে পরিবেশন করেন সংগীতশিল্পী প্রিয়াংকা গোপ।

সাহিত্য, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা ‘কালি ও কলম’ বাংলাদেশের নবীন কবি ও লেখকদের সৃজনধারায় গতি সঞ্চার ও উৎসাহিত করার লক্ষ্যে ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে এ পুরস্কার দিয়ে আসছে। এ পর্যন্ত ৭১ জন তরুণ কবি ও লেখক এ মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন। পুরস্কারটির অর্থমূল্য ২ লাখ টাকা।

সর্বশেষ সর্বাধিক পঠিত