মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বললেন

সমৃদ্ধ হতে হলে শিক্ষার মান উন্নত করতে হবে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ এএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে হলে আমাদের শিক্ষার মান উন্নত করতে হবে। তিনি শিক্ষার্থীদের মাদক, নেশা, অন্যায়, দুর্নীতি ও সাম্প্রদায়িকতাকে না বলে মানবতা, সত্য ও সাম্যের পক্ষে থাকার আহ্বান জানান। গতকাল শনিবার টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ বিমানবাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরে আয়োজিত ‘কাব্য ও ছন্দে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাম্য, মানবতা, সাহস ও ত্যাগের প্রতীক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার আদর্শ ও সাহিত্যকর্ম জাতীয় জীবনে প্রেরণার উৎস। নতুন প্রজন্মকে নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিশীলতার সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীরউত্তম সুলতান মাহমুদের এয়ার অধিনায়ক এয়ার কমোডর মঞ্জুর কবীর ভূঁইয়া। বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মনজিলা রিজওয়ান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম, সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত