ছদ্মবেশে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ এএম

কুমিল্লার চান্দিনায় ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে বাড়িতে ঢুকে ছমিরন খাতুন (৬০) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল শনিবার সকালে কুমিল্লা নগরের হাউজিং এস্টেট এলাকায় পিবিআই জেলা কার্যালয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মতিয়ার রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেনঢাকার কদমতলীর শরীফুল ইসলাম শান্ত (২৭), কুমিল্লার আদর্শ সদর উপজেলার মো. মাসুম বিল্লা ওরফে রবিন (৩১) এবং লাকসামের আরাফাত হোসেন (১৪)। পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ মামলার মূল পরিকল্পনাকারী মাসুম বিল্লা। ঘটনার সঙ্গে জড়িত আরও একজন এখনো পলাতক রয়েছেন।

পিবিআই জানায়, গত ৩ মে সকালে চান্দিনা উপজেলার অলিপুর গ্রামের নিজ বাড়ি থেকে ছমিরন খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের ছেলে মো. বশির আহাম্মদ চান্দিনা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। থানা-পুলিশের পর গত ১০ মে পিবিআই মামলাটির তদন্তভার গ্রহণ করে। তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান উপপরিদর্শক (নিরস্ত্র) মো. আমিরুল ইসলাম। তদন্তে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা আগে চট্টগ্রামের কর্ণফুলী ফিশারি ঘাটে একটি তৈরি পোশাক কারখানায় একসঙ্গে কাজ করতেন। পরে তারা ধানকাটা শ্রমিকের ছদ্মবেশে কুমিল্লায় এসে ছমিরন খাতুনের বাড়িতে কাজ নেন। ওইদিন রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে ছমিরনের ঘরে ঢুকে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর ঘর থেকে ৭০ হাজার টাকা ও প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার লুটে নিয়ে আসামিরা পালিয়ে যান।

সর্বশেষ সর্বাধিক পঠিত