ইবিতে ছাত্রশিবির নেতাকে ছাত্রদল নেতার থাপ্পড়, উত্তেজনা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে ছাত্রশিবিরের এক নেতাকে থাপ্পড় মারার অভিযোগ ওঠেছে। গতকাল শনিবার বেলা পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে এ ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি-হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে। তাদের ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথে রামদাসহ দেশীয় অস্ত্র হাতে অবস্থান ও মহড়া দিতে দেখা যায়।

যার বিরুদ্ধে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে তার নাম আলীনূর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। ভুক্তভোগী কাজী জুহায়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ওই হল শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, পরীক্ষা শেষে গতকাল দুপুরে হলে খাবার খেতে যাচ্ছিলেন জুহায়ের। হলের গেট পেরিয়ে করিডরে পৌঁছালে আলীনূর তাকে থাপ্পড় দেন। এ সময় অন্য শিক্ষার্থীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। আলীনূর তাদের সঙ্গেও খারাপ আচরণ করেন। পরে তিনি হলের ২১৭ নম্বর কক্ষে চলে যান।

ঘটনার একটি সিসি ক্যামেরা ফুটেজ পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর ছাত্রশিবিরের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং আলীনূরের কক্ষের দিকে এগিয়ে যান। এ সময় তারা জানালার কাচ ভাঙচুর করেন। তখন ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগ্বিত-া ও ধাক্কাধাক্কি হয়।

খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেন। পরে হল কার্যালয়ে উভয়পক্ষের নেতাদের নিয়ে আলোচনায় বসেন তারা। প্রক্টরিয়াল বডির সদস্যরা আলীনূরকে তার কক্ষ থেকে বের করে আনতে গেলে শিবিরের নেতাকর্মীদের উত্তেজনার কারণে তাকে বের করা সম্ভব হয়নি। পরে পুলিশি সহায়তায় প্রক্টরিয়াল বডির গাড়িতে করে আলীনূরকে নেওয়ার সময় শিবিরের কর্মীরা তার ওপর চড়াও হন বলে অভিযোগ। তাকে কিল-ঘুষি মারা এবং গাড়ির কাচ ভাঙচুরের অভিযোগও ওঠে।

ঘটনার জেরে বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে রামদাসহ দেশীয় অস্ত্র হাতে কয়েকজন বহিরাগতকে মহড়া দিতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। একই সময়ে লাঠিসোটা হাতে জিয়া মোড় এলাকায় শিবিরের নেতাকর্মীদের অবস্থান করার কথা জানান প্রত্যক্ষদর্শীরা। বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক খুলে দেয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দেশীয় অস্ত্র হাতে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কিছু নেতাকর্মীকে অবস্থান করতে দেখা যায়। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের লালন হল ও আজিজ হলের পকেট গেটে (ছোট ফটক) স্থানীয় জামায়াতে ইসলামী ও শিবিরের কর্মীদের অবস্থান করতে দেখা যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত