ভোলার বোরহানউদ্দিনে চুরি যাওয়া প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের R15-M মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। GPS ট্র্যাকিং ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. শাকিল হোসেন (২২) ও মো. নিহাদ (১৯)।
পুলিশ জানায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় বোরহানউদ্দিন থানা পুলিশ চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে অভিযান শুরু করে। প্রথমে GPS ট্র্যাকিংয়ের মাধ্যমে মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করা হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।
এরপর বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা পুলিশের সহযোগিতায় লাহারহাট স্পিডবোট ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চুরি যাওয়া R15-M মোটরসাইকেলসহ শাকিল হোসেন ও নিহাদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার দুজনের কাছ থেকে মোটরসাইকেলটির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় ৬ সেপ্টেম্বর মামলা নম্বর-৮ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
ভোলা জেলা পুলিশ জানিয়েছে, চুরি ও অন্যান্য অপরাধ দমনে প্রযুক্তির ব্যবহারসহ নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
নড়াইলে ছয় মাদরাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার