দিল্লীতে ধসে পড়ল বহুতল ভবন, বহু হতাহতের আশংকা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম

ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতনে ছয়তলা একটি ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের উদ্ধারে অভিযান শুরু করেছেন। খবর এনডিটিভির। 

কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটি ৭৫ শয্যার একটি পেইং গেস্ট (পিজি) আবাসন হিসেবে ব্যবহৃত হতো। দুপুর দেড়টার দিকে হঠাৎ ভবনটি ধসে পড়ে। সংশ্লিষ্টরা বহু হতাহতের আশংকা করছেন। 

এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে সরকারি এক প্রতিনিধি জানিয়েছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে দিল্লি পুলিশ জানিয়েছে, তাদের হিসাবে এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়েছেন, সে বিষয়ে পুলিশ কোনো সংখ্যা জানায়নি।

ঘটনাস্থলে পুলিশ, দমকল, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি সেবা সংস্থার সদস্যরা কাজ করছেন। অন্তত ১২টি দমকলের গাড়ি সেখানে পাঠানো হয়েছে। উদ্ধারকাজে একটি এক্সকাভেটর ব্যবহার করা হচ্ছে এবং ধ্বংসস্তূপ সরাতে আরও ভারী যন্ত্রপাতি আনা হচ্ছে। দুর্যোগ মোকাবিলা দলের সদস্যদেরও উদ্ধার অভিযানে যুক্ত করা হয়েছে। বিপুলসংখ্যক মানুষের ভিড় সামলাতে দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনীকেও মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভবন ধসের সময় সেখানে অন্তত ৫০ জন শিক্ষার্থী থাকতে পারেন। রবিবার হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থী তখন ভবনের ভেতরেই ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনি সাহায্যের জন্য মানুষের চিৎকার শুনেছেন। আরেক প্রত্যক্ষদর্শী জানান, ভবনটি পুরুষদের একটি পিজি আবাসন হিসেবে ব্যবহৃত হতো এবং এর নাম ছিল ‘হোস্টেল ডেজ’।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে এগিয়ে আসেন। উদ্ধারকারী দল ও যন্ত্রপাতি পুরোপুরি পৌঁছানোর আগেই অনেককে ধ্বংসস্তূপের ভেতর হাত দিয়ে খোঁড়াখুঁড়ি করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ধ্বংসস্তূপের নিচে কংক্রিটের একটি স্ল্যাবের নিচে আটকে থাকা এক ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করতে দেখা গেছে।

সত্য নিকেতন দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত এবং এলাকাটিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী বসবাস করেন। ফলে ভবন ধসের ঘটনায় শিক্ষার্থীদের হতাহতের আশঙ্কা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, উদ্ধারকাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চালানো হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের একটি ভবনও খালি করে দেওয়া হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত