সম্প্রতি ইংল্যান্ড সফররত পাকিস্তান ক্রিকেট দলে সৃষ্টি হয়েছে নজিরবিহীন বিশৃঙ্খলা। হেডিংলিতে প্রথম টেস্টে এক ইনিংস ও ১০৩ রানে হার এবং লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে লজ্জাজনক পরাজয়ের পর চরম পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরের মাঝামাঝি সময়েই দল থেকে সাতজন খেলোয়াড়কে দেশে ফেরত পাঠিয়ে তাদের জায়গায় নতুন সাতজনকে দলে যুক্ত করা হয়েছে। এমনকি প্রধান কোচ সারফরাজ আহমেদ ও সহকারী কোচ উমর গুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাকিস্তান দলের এমন শোচনীয় পরিস্থিতিতে বোর্ডের এই কঠোর সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ।
সমা টিভি-র সাথে এক আলাপচারিতায় মোহাম্মদ ইউসুফ দাবি করেন, পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান সংকটের শুরু মূলত ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাওয়া ঐতিহাসিক জয় থেকে।
ইউসুফ বলেন, "২০২১ সালে ভারতের বিপক্ষে যে ম্যাচটি আমরা জিতেছিলাম, সেটি আমাদের অনেক বড় ক্ষতি করেছে। ওই জয়ের পর খেলোয়াড়রা মনে করতে শুরু করে যে তারা বিশাল কিছু অর্জন করে ফেলেছে। এরপর তাদের ঠিক কী করা উচিত, তা তারা আর বুঝে উঠতে পারেনি। যখন আপনি ভালো পারফর্ম করবেন, তখন আপনার উচিত বিনয়ী থাকা। অহংকার আর অনাদর দেখিয়ে কলার উঁচিয়ে চললে সমস্যা আসবেই। আর পাকিস্তান ক্রিকেটে এখন সেই সমস্যার পাহাড় জমেছে।"
তিনি আরও উল্লেখ করেন, গত কয়েক বছরে দলে অধিনায়ক হওয়ার এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছিল।
"দলের প্রতিটি খেলোয়াড়ই পাকিস্তান দলের অধিনায়ক হতে চাচ্ছিল। যার মাশুল এখনো দিতে হচ্ছে। গত চার-পাঁচ বছরের সব ফরম্যাটের ক্রিকেট দেখুন—ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি—সবখানেই পাকিস্তান অত্যন্ত বাজে ক্রিকেট খেলেছে। পিসিবি খেলোয়াড়দের সব সময় সমর্থন দিয়ে এসেছে। কত কোচ এলো-গেল, দলকে সাহায্য করার জন্য কত পরিবর্তন আনা হলো! কিন্তু কোনো খেলোয়াড় সামনে এগিয়ে এসে দায়ভার নেয়নি। অবশেষে পিসিবিকে এমন একটি কঠোর পদক্ষেপ নিতে হয়েছে এবং আমি বোর্ডের এই সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করি।"
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পাকিস্তান বর্তমানে তলানিতে (নবম স্থানে) অবস্থান করছে। এই প্রসঙ্যে ইউসুফ বলেন, "পিসিবি কখন বা কোন মুহূর্তে এই ব্যবস্থা নিয়েছে, তাতে কোনো সমস্যা নেই। নবম স্থানে থাকা নয়টি দলের মধ্যে আমরা নবম! বিশ্বজুড়ে পাকিস্তানের নাম খারাপ হচ্ছে। যখন এমন পরিস্থিতি তৈরি হয়, তখন ক্রিকেট বোর্ডের উন্নতি করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকে না।"
ইংল্যান্ড সফর শেষ হওয়ার আগেই মাঝপথে সাত খেলোয়াড়কে দেশে ফিরিয়ে নেওয়ার পেছনে সাজঘরের (ড্রেসিংরুম) কোনো অভ্যন্তরীণ অপ্রীতিকর ঘটনার ইঙ্গিতও দেন এই সাবেক অধিনায়ক। তবে বদলি হিসেবে আসা নতুন সাত খেলোয়াড় রাতারাতি দৃশ্যপট বদলে ফেলবে না বলেও সতর্ক করে দেন তিনি।
ইউসুফ স্মরণ করিয়ে দেন, "২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল এবং এশিয়া কাপের ফাইনাল খেলার পর থেকে এই পাকিস্তান দলের পারফরম্যান্স মারাত্মকভাবে নিম্নমুখী। সুতরাং কেবল ইংল্যান্ড সিরিজের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটি দীর্ঘদিনের ধারাবাহিক ব্যর্থতারই প্রতিফলন।"
লন্ডন ডার্বি: পুরনো দুই বন্ধুর নতুন লড়াই