শুধু বই পড়লেই হবে না, জ্ঞান আহরণ করতে হবে: আলাল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বই এখন আর জ্ঞান অর্জনের একমাত্র মাধ্যম নয়। ল্যাপটপ, মুঠোফোনসহ আধুনিক নানা মাধ্যমে জ্ঞান আহরণের সুযোগ রয়েছে। এসব মাধ্যমকে নিজেদের দৃষ্টি ও যত্নের মধ্যে আনতে হবে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত বইমেলার তৃতীয় দিনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, একসময় ট্রেন, বাস কিংবা বরিশাল অঞ্চলের জাহাজ, স্টিমার ও লঞ্চে মানুষের হাতে বই থাকত। এখন প্রযুক্তির মাধ্যমে অডিও-ভিজ্যুয়ালসহ নানা উপায়ে সহজেই জ্ঞান অর্জন করা যায়।

তিনি বলেন, বই শুধু সাজিয়ে রাখার জন্য নয়, পড়ার জন্য, শেখার জন্য এবং জ্ঞান অর্জনের জন্য ব্যবহার করতে হবে। আগে বই ছিল জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম। এখন জ্ঞান অর্জনের নানা মাধ্যম তৈরি হয়েছে। এসব মাধ্যমের সঙ্গে নিজেদেরও মেলাতে হবে।

নিজের পাঠাভ্যাসের স্মৃতিচারণ করে আলাল বলেন, তাঁদের যৌবন ও শিক্ষাজীবনে কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’সহ বিভিন্ন রহস্য ও গোয়েন্দা উপন্যাস পড়েছেন। একজন বন্ধু একটি বই কিনলে সেটি অনেকের হাতে ঘুরে পড়ার সুযোগ হতো। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে মারিও পুজোর ‘দ্য গডফাদার’সহ বিদেশি বিভিন্ন বইও পড়েছেন।

তিনি বলেন, এখন এসব বই ল্যাপটপ ও মুঠোফোনেও পাওয়া যায়। এমনকি আল-কোরআনের ৩০ পারাও মুঠোফোনে পাওয়া যায়। বাংলা অর্থসহ ও বাংলা অর্থ ছাড়া পড়ার সুযোগ রয়েছে।

আলাল বলেন, শুধু ‘বই পড়ুন’ বললেই হবে না, মূল বিষয় হলো জ্ঞান আহরণ। কোনো বিষয় জানতে হলে অনুসন্ধান করতে হবে। আর জ্ঞান অনুসন্ধানের জন্য মানুষের মধ্যে উৎসুকতা থাকতে হবে। এই উৎসুকতা থেকেই যে জ্ঞান অর্জিত হবে, তা দীর্ঘদিন মনে রাখা সম্ভব।

তিনি বলেন, জ্ঞানের বিশাল সমুদ্রে মানুষ যতটুকু জ্ঞান অর্জন করে, তা খুবই সামান্য। তবে জ্ঞানচর্চা, পারস্পরিক কথাবার্তা ও ভাববিনিময়ের মাধ্যমে তা দিন দিন সমৃদ্ধ করা সম্ভব। এতে নিজের পাশাপাশি অন্যদের জ্ঞানের পরিধিও বাড়বে।

জিয়া স্মৃতি পাঠাগারের বইমেলাকে ভালো উদ্যোগ উল্লেখ করে আলাল বলেন, জ্ঞান ও শিক্ষা যে রূপেই হোক-ই-লার্নিংয়ের মাধ্যমে কিংবা কাগজে ছাপা বইয়ের মাধ্যমে-জ্ঞান আহরণ করা প্রয়োজন। নিজের আত্মশুদ্ধি, আত্মিক উন্নয়ন, রুচিবোধের উন্নতি এবং অন্য মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার জন্যও বই ও জ্ঞান গুরুত্বপূর্ণ।

জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের আয়োজন জ্ঞানচর্চা ও বই পড়ার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কবি আব্দুল হাই সিকদারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত