সার না পেয়ে কুড়িগ্রামে গুদাম ভাঙচুর ও সড়ক অবরোধ

সার না পেয়ে কচাকাটা বাজারে জড়ো হন দুই শতাধিক মানুষ। একপর্যায়ে গুদামের টিনের বেড়া ভেঙে যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ।

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে সার না পেয়ে হট্টগোল ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। নাগেশ্বরীর কচাকাটা বাজারে সার ডিলার পয়েন্টে দুই শতাধিক মানুষ জড়ো হয়ে হইচই করলে একপর্যায়ে গুদামের টিনের বেড়া ভেঙে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারের কাশেম ট্রেডার্স নামের সার ডিলার পয়েন্টে সার নিতে লোকজন জড়ো হতে থাকেন। এক ঘণ্টা অপেক্ষার পরও ডিলার পয়েন্টের লোকজন না আসায় সকাল ৯টার দিকে সেখানে উপস্থিত দেড় থেকে দুই শতাধিক মানুষ হট্টগোল শুরু করেন।

এ সময় দোকানটির টিনের বেড়ার কয়েকটি অংশ ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চেষ্টা চালায়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, গুদামে সার থাকার পরও ডিলারের লোকজন সেখানে আসেননি। দেড় থেকে দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তারা হইচই ও ধাক্কাধাক্কি করেন। এ সময় কেউ কেউ দোকানঘরের বেড়ার টিন ভেঙে ফেলেন। তবে কেউ সার নিয়ে যাননি।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পন কুমার দাস জানান, দোকানঘরে ভাঙচুর হয়নি। তবে দেড় থেকে দুই শতাধিক মানুষ ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কি করায় বেড়ার টিন ভেঙে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনিবাজারেও সার না পেয়ে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হন।

সর্বশেষ সর্বাধিক পঠিত