সরকার পতনের হুমকি ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ: প্রিন্স

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ডিসেম্বরে পালাতক ফ্যাসিস্ট হাসিনার দেশে ফেরার ঘোষণার পাশাপাশি বিরোধী দলও ডিসেম্বরে এক দফার আন্দোলনের হুমকি দিচ্ছে। জনমনে সন্দেহ, ডিসেম্বরকে ঘিরে ৮৬, ৯৬-এর পুনরাবৃত্তি ২৬-এও হলো কি না!

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের ঘোনাপাড়ায় কংশ নদীর ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। মতবিনিময় সভার আগে তিনি নদী ভাঙন স্থানে জিও ব্যাগ ফেলে প্রকল্পের কাজ উদ্বোধন করেন।

সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি সরকার যেখানে জনকল্যাণে নিযুক্ত, সেখানে বিরোধী দল জনদুর্ভোগ সৃষ্টি করছে। তারা ছয় মাস বয়সী নির্বাচিত সরকারকে এক দফার হুমকি দিয়ে গণবিরোধী অবস্থান নিয়েছে।

তিনি বলেন, জ্বালানি সমস্যার মধ্যে বিপুল পরিমাণ জ্বালানি অপচয় করে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি জ্বালানি সমস্যা তীব্র ও জনদুর্ভোগ সৃষ্টি করছে। লংমার্চ কর্মসূচিতে এক দফার হুমকি, উস্কানিমূলক শ্লোগান-বক্তব্য প্রসঙ্গে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তারেক রহমানের ছয় মাসের সরকার যখন চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ পুনর্গঠন করছে, তখন ডিসেম্বরে সরকার পতনের হুমকি ষড়যন্ত্র ও দূরভিসন্ধির বহিঃপ্রকাশ।

তিনি বলেন, ছয় মাস বয়সী সরকারকে ছয় দফা, এক বছরের মাথায় এক দফার আন্দোলনের হুমকিদাতাদের জেনে রাখা ভালো, বিএনপি রাজপথ কাউকে ইজারা দেয়নি। রাজপথ বিএনপির অচেনা নয়। বিএনপিকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে কিংবা এক দফার আলটিমেটাম দিয়ে কোনো লাভ হবে না। বিএনপি ভেসে আসা কোনো দল নয়, এ দেশের জনগণের দল। জনগণের অধিকার রক্ষার প্রশ্নে প্রয়োজন হলে বিএনপি আবারও রাজপথে নামবে, জনগণকে সঙ্গে নিয়ে সব গণতান্ত্রিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে।

তিনি বলেন, ক্ষমতার মালিক জনগণ। জনগণ যাকে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে, তারা জনপ্রত্যাশা অনুযায়ী কাজ না করলে জনগণই ভোটের মাধ্যমে তার পরিবর্তন করবে। রাজপথে হুমকি দিয়ে, বিশৃঙ্খলা সৃষ্টি করে কিংবা ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আলটিমেটাম দিয়ে জনগণের রায় কেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই।

কংশ নদীর ভাঙন রোধ প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, নদীভাঙনে শাকুয়াই ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ছিল। স্থানীয় মানুষের এই দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে তিনি পানি সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তাদের নির্দেশে পানি উন্নয়ন বোর্ড শাকুয়াই এলাকায় নদীর তীর রক্ষায় এই প্রকল্প বাস্তবায়ন করছে।

তিনি বলেন, জনগণের সমস্যা সমাধানই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আমরা শুধু ক্ষমতার কথা বলি না, মানুষের কথা বলি; শুধু স্লোগান দিই না, মানুষের সমস্যা সমাধানে কাজ করি। এই ইউনিয়নে রাস্তা, ব্রিজ, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ক্লিনিকসহ জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

ঘোনাপাড়ায় কংশ নদীর পাড়ে শাকুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বিএনপি নেতা আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, শাকুয়াই ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্বদেশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান সফিকুর রহমান, বিএনপি নেতা আমজাদ হোসেন, সায়েদুল ইসলাম, মোতালেব হোসেন, স্থানীয় মুরুব্বি আব্দুল হেকিম, যুবক জুয়েল রানা, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা যুবদল নেতা আবু নাসের, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত