লংমার্চ সফল করায় দেশবাসীর প্রতি জামায়াতের কৃতজ্ঞতা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

গত ৫ সেপ্টেম্বরের ১১ দলীয় ঐক্যের ঢাকা টু চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এবং লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ সফল করায় তিনি দেশবাসী, ১১ দলীয় ঐক্যের শীর্ষ ও তৃণমূলের নেতাকর্মী ভাই ও বোন, পুলিশ ও সিভিল প্রশাসনের সদস্য, ট্রাফিক বিভাগ, জেলা প্রশাসন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ, লংমার্চ রুটের যাত্রী ও পথচারী, পথের পাশে দাঁড়িয়ে লংমার্চকে অভিবাদন জানানো সাধারণ জনগণ, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার, পথচারী এবং সড়ক বিভাগের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলের জন্য মহান রবের নিকট উত্তম প্রতিদান কামনা করছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চ সফলে ঢাকা থেকে চট্টগ্রামের লালদিঘির ময়দান পর্যন্ত লাখ লাখ মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে বহরকে অভিবাদন জানিয়েছে, যা তাদের প্রাণের দাবি আদায়ের জন্য ত্যাগকে তুলে ধরে। পথসভাগুলোয় হাজার হাজার লোকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে ১১ দলীয় ঐক্যের দাবি কোনো দলীয় দাবি নয়, এটি জনগণের প্রাণের দাবি। জনগণের ন্যায্য দাবি আদায়ের আগামী দিনের কর্মসূচিতে দেশবাসী আরও বেশি সম্পৃক্ত হবেন বলে আশা করছি আমরা। লংমার্চ কর্মসূচির কারণে সাময়িক ভোগান্তির জন্য দেশবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি আমরা। আগামী ১৯ সেপ্টেম্বর একইভাবে ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই লংমার্চকে সফল করতে দেশবাসী, ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত