আগামী অর্থবছরে ৮ বিভাগে ক্যান্সার হাসপাতাল চালুর আশাবাদ প্রতিমন্ত্রীর

আগামী অর্থবছরের মধ্যে ৮টি বিভাগীয় ক্যান্সার হাসপাতাল চালুর আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি জনবল সংকট নিরসনে দ্রুত নতুন চিকিৎসক নিয়োগের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের আটটি বিভাগীয় ক্যান্সার হাসপাতালের ভৌত অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ এবং বিশেষজ্ঞ জনবল পদায়নের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ময়মনসিংহ-১ আসনের স্বতন্ত্র সদস্য মোহাম্মদ সালমান ওমরের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি আগামী অর্থবছরের মধ্যেই এই ক্যান্সার হাসপাতালগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।’

মাদারীপুর-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে ড. এম এ মুহিত বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থায় দীর্ঘমেয়াদি জনবল সংকট রয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ সংকট নিরসনে কাজ করছে।

তিনি বলেন, গত ছয় মাসে প্রতিটি উপজেলায় নতুন চিকিৎসক দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে গাইনি চিকিৎসক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় হলেও এ ক্ষেত্রে জনবলের সংকট রয়েছে। নতুন চিকিৎসক নিয়োগ এবং প্রশিক্ষিত চিকিৎসকদের নতুনভাবে পদায়নের ব্যবস্থা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘অতি দ্রুতই আপনারা আরও কিছু নতুন ডাক্তার পাবেন। তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য আমাদের আরও কিছুটা সময় লাগবে।’

মহিলা আসন-৯-এর সরকারি দলের সদস্য হেলেন জেরিন খানের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের ১৫টি মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) মধ্যে কয়েকটির দীর্ঘদিন ধরে ভবন নির্মাণ করে রাখা হলেও কার্যক্রম চালু হয়নি।

তিনি বলেন, ইতোমধ্যে ৮টি ম্যাটসের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেগুলোর কার্যক্রম চালুর কাজ চলছে। ধাপে ধাপে বাকি প্রতিষ্ঠানগুলোও চালুর পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠান চালুর প্রক্রিয়া দীর্ঘ। জনবল নিয়োগসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করে পর্যায়ক্রমে প্রতিষ্ঠানগুলো চালু করতে হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত