তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান নারী আরচার তুলে এনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যের ধারা আরও এগিয়ে নিতে যৌথভাবে কাজ শুরু করেছে বাংলাদেশ আরচারি ফেডারেশন ও মহিলা ক্রীড়া সংস্থা। এ লক্ষ্যে গতকাল এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন আরচারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা। সমঝোতা অনুযায়ী, বাংলাদেশ আরচারি ফেডারেশনের উন্নত কোচিং সুবিধা ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রশিক্ষণার্থীদের থাকার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানাধীন ডরমিটরির পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হবে। প্রশিক্ষণ ক্যাম্পে কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের তারকা আরচার বিউটি রায়।
প্রাথমিক পর্যায়ে শারীরিক ও মানসিকভাবে উপযুক্ত, পাশাপাশি আরচারির জন্য প্রয়োজনীয় উচ্চতা ও শারীরিক সক্ষমতা রয়েছে এমন ৫০ মেয়েকে বাছাই করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়া অধিকাংশই হবে স্কুল ও কলেজপড়–য়া শিক্ষার্থী। রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ২০৩২ অলিম্পিক গেমসে বাংলাদেশকে বড় কোনো সাফল্য এনে দেওয়ার লক্ষ্য নিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে।’ তবে প্রশিক্ষণের কারণে যেন শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।’