টাকা লেনদেন নিয়ে বিরোধ

শাহআলীতে যুবক খুন ঘাতক হাতেনাতে ধরা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ এএম

টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে রাজধানীর শাহআলীতে ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। গত রবিবার রাত ১টার দিকে মিরপুরের শাহআলী থানা এলাকায় ঘটে এ ঘটনা। স্থানীয়দের সহযোগিতায় এ ঘটনায় জড়িত মাহাবুব রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, রবিবার দিনগত রাত ৪টায় আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় মেহেদীকে। সেখানে চিকিৎসাধীন ভোর ৬টায় মেহেদী মারা যান। মেহেদী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মোহাম্মদ আলমের ছেলে। তিনি মিরপুরের শাহআলী এলাকায় থাকতেন। পাশাপাশি সাইনবোর্ড তৈরির কাজ করতেন তিনি।

শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, টাকা-পয়সার লেনদেন নিয়ে মেহেদীর সঙ্গে মাহবুবের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মাহবুব তার সঙ্গে থাকা ছুরি দিয়ে মেহেদীকে আঘাত করেন। ঘটনাস্থলের কাছেই থাকা পুলিশ সদস্যরা হইচই শুনে সেখানে এগিয়ে যান। গুরুতর অবস্থায় মেহেদীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। ওসি আরও জানান, মেহেদীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মাহবুবকে ধরে ফেলেন। ছুরিসহ তাকে আটক করে থানায় নেওয়া হয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে নিহতের ভাই একটি হত্যা মামলা করেছেন।

শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার আসামিকে আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত