কুড়িগ্রাম, সাতকানিয়া, বোয়ালমারী (ফরিদপুর) ও ভোলায় গতকাল পানিতে ডুবে ভাইবোনসহ সাত শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের খবর
কুড়িগ্রাম : কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ঢলুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে খালাতো ভাইবোন। নিহতরা হলো চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) এবং খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। তারা পরিবারের সঙ্গে ঢলুয়াবাড়ী গ্রামের নানির বাড়িতে বেড়াতে এসেছিল। স্বজন আবু বক্কর সিদ্দিক জানান, বেলা ১১টার দিকে সিয়াম ও মোফাসসিরাসহ প্রতিবেশী আরেক শিশু বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামে। তারা ছেঁড়া মশারি দিয়ে জাল তৈরি করে মাছ ধরছিল। একপর্যায়ে সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা প্রতিবেশী শিশুটি বিষয়টি কাউকে না জানিয়ে বাড়িতে চলে যায়। পরে দুপুর ১টার দিকে স্থানীয় কয়েকজন পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে গিয়ে প্রথমে সিয়ামের মরদেহ উদ্ধার করেন। পরে পানির নিচ থেকে মোফাসসিরার মরদেহ উদ্ধার করা হয়।
সাতকানিয়া : নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর তীরে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে পড়ে যায় দুই ভাইবোন। স্থানীয় লোকজনের চেষ্টায় প্রায় আধা ঘণ্টা পর নদী থেকে উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি তাদের। গতকাল বেলা ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো মো. শাহিন (৩) ও মোছা. আফিজা (৬)। তারা আমিলাইশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ডলু এলাকার মো. বেলালের সন্তান। জানা যায়, দুই ভাইবোন নানার বাড়িতে বেড়াতে গিয়ে খেলাধুলার একপর্যায়ে নদীর পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।
বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে স্টেডিয়ামসংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাহুল বিশ্বাস (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে বোয়ালমারী পৌরসভাধীন স্টেডিয়াম পুকুরে এ ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা খোঁজাখুঁজির পর বিকেল ৪টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাহুল বিশ্বাস পৌরসভার আঁধারকোঠা মোড় এলাকার কামাল বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানান, রাহুল মৃগী রোগে আক্রান্ত ছিল। সে একটি ভাঙারির দোকানে শ্রমিক হিসেবে কাজ করত।
ভোলা : ভোলা সদর উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী মো. আব্দুল্লাহ ও দেড় বছর বয়সী আব্দুর রহমান নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বাপ্তা ও আলীনগর ইউনিয়নে নিজ নিজ বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. শফিকের ছেলে এবং আব্দুর রহমান আলীনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. সুমনের ছেলে। দুই শিশুর স্বজনরা জানান, দুপুরে পরিবারের সদস্যরা ঘরের কাজে ব্যস্ত থাকায় তাদের বাড়ির পাশে পুকুরে পড়ে শিশু দুজন মারা যায়।