'চ্যাম্পিয়নস লিগ জিয়ের মতো দল বার্সেলোনা, তবে প্রমান দিতে হবে'

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম
উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে ডাচ ক্লাব ফেয়েনোর্ডের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। এই হাইভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বার্সা প্রধান কোচ হানসি ফ্লিক। পুরো সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি আলো কেড়ে নিয়েছে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চ চ্যাম্পিয়নস লিগ জয় এবং ব্যালন ডি'অর সংক্রান্ত আলোচনা।

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে ফ্লিক স্পষ্ট জানান, ড্রেসিংরুমে চ্যাম্পিয়নস লিগই এখন সবার মূল লক্ষ্য। তিনি বলেন, "দিনশেষে সব বড় ক্লাবই চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখে। এটি ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট এবং এটি জেতার মতো মানসম্পন্ন খেলোয়াড় আমাদের দলে রয়েছে। তবে আমাদের মাঠে এর প্রমাণ দিতে হবে এবং আমরা তা করতে শতভাগ প্রস্তুত।" তিনি আরও যোগ করেন, দলে জয়ের তীব্র ক্ষুধা ও সংযোগ দেখা যাচ্ছে। মাঠে খেলোয়াড়দের উচ্চ পরিশ্রম ও তীব্রতাই বলে দিচ্ছে যে বার্সেলোনা ইউরোপীয় মঞ্চে ট্রফি জয়ের জন্য পুরোপুরি তৈরি।

ব্যালন ডি'অর জয়ী খেলোয়াড় তাঁর দলে আছে কি না—এমন প্রশ্নের জবাবে ফ্লিক বলেন, "কাউকে ব্যালন ডি'অর জেতানো আমার কাজ নয়। তবে আমাদের স্কোয়াডে অসাধারণ সব ফুটবলার রয়েছে। প্রাত্যহিক পরিশ্রম ও পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বলতে পারি, এই দলে এমন কিছু খেলোয়াড় আছে যাদের ব্যালন ডি'অর জেতার পূর্ণ সামর্থ্য রয়েছে। আমার কোনো শিষ্য এই ট্রফি জিতলে আমি ভীষণ খুশি হব।"

তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালকে ম্যাচ জেতানো কারিগর হিসেবে উল্লেখ করে ফ্লিক জানান, ইয়ামাল প্রতিদিন নিজের খেলার উন্নতি উপভোগ করেন। একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাঝেও বার্সেলোনা নিজেদের আক্রমণাত্মক খেলার ধরণে কোনো পরিবর্তন আনবে না বলেও সাফ জানিয়ে দেন এই জার্মান কোচ।
 
রদ্রির ভূমিকা নিয়ে তিনি বলে, 'এখানে অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দল। আমাদের সবাইকে প্রতিদিন নিজের সেরাটা দিতে হবে। আমরা চারটি জয় পেয়েছি, আর এটি সহজ কথা নয়। এমন কিছু খেলোয়াড় থাকতে পারে যারা তাদের বর্তমান পরিস্থিতিতে খুশি নয়, তবে খেলার জন্য আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে। আমাদের খেলার মান ঠিক তেমনই, যেমনটা আমি অনুশীলনে দেখি। আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে।"
সর্বশেষ সর্বাধিক পঠিত