সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুজনসহ নিহত ৪

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ এএম

সৌদি আরব থেকে দেশে ফেরার জন্য জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে তারা রওনা হয়েছিলেন। পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনাকবলিত হয়ে চালকসহ চারজন নিহত হয়েছেন। নিহত চারজনের মধ্যে দুজনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। এরা হলেন কানাইঘাটের গাছবাড়ি লামাতালুক গ্রামের আবদুল করিম (৫৫) ও খালেদ আহমদ (৪৫)। স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। গত সোমবার তায়েফের আল খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত অন্য দুজনও বাংলাদেশি, তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, দেশে ফেরার জন্য এই প্রবাসীরা সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। পথে মর্মান্তিক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। তাদের মৃত্যুর সংবাদ জানার পর থেকে পরিবারে শোকের মাতম চলছে।

কানাইঘাটের স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দুই প্রবাসীর মৃত্যুর খবর জানতে পেরে পরিবারের সদস্যদের সান্ত¡না দিতে তিনি তাদের বাড়িতে গিয়েছিলেন। দুই প্রবাসীর স্বজনদের কান্না আর আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।    

উল্লেখ্য, গত জুন মাসে কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচজন প্রবাসীর মৃত্যু হয়। গত জুলাই মাসে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যান কানাইঘাটের আরেকজন প্রবাসী।

সর্বশেষ সর্বাধিক পঠিত