নেত্রকোনার মদনে দা দিয়ে কুপিয়ে আলাই মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে ইয়াসিনের (২০) বিরুদ্ধে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে মদন পৌর শহরের আশকিপাড়ায় এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত ইয়াসিনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক বিষয় নিয়ে আলাই মিয়া ও তাঁর ছেলে ইয়াসিনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইয়াসিন দা দিয়ে বাবাকে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ। এতে ঘটনাস্থলেই আলাই মিয়ার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াসিনকে আটক করে। একই সঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া শুরু করে।
মদন থানার ওসি সালাহউদ্দীন করিম বলেন, পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিনকে আটক করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে যুবক খুন, মা-ছেলে আটক