যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির জার্সিতে মাঠ মাতালেও স্প্যানিশ ফুটবলের সঙ্গে নিজের নাড়ির টান একটুও ফুরোলো না লিওনেল মেসির। বার্সেলোনা ছেড়ে যাওয়ার কয়েক বছর কেটে গেলেও স্পেনের সঙ্গে তার বন্ধন এখন আরও গভীর হচ্ছে। ফুটবল জাদুকর থেকে ফুটবল ক্লাব মালিক হিসেবে নিজেকে নতুন পরিচয়ে প্রতিষ্ঠিত করার পথে আরও এক ধাপ এগিয়ে গেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব 'এলদেনসে' কিনতে প্রাথমিক এক চুক্তিতে পৌঁছেছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। ইএসপিএন-এর এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, সবকিছু ঠিকঠাক থাকলে স্পেনে এটি হতে চলেছে মেসির মালিকানাধীন দ্বিতীয় কোনো ফুটবল ক্লাব।
এর আগে চলতি বছরের শুরুর দিকে বার্সেলোনাভিত্তিক পঞ্চম বিভাগের আধা-পেশাদার ক্লাব 'কর্নেয়া' কিনে নিয়েছিলেন মেসি। তবে কর্নেয়া আধা-পেশাদার হওয়ায়, এলদেনসে হতে যাচ্ছে স্পেনের মাটিতে তার কেনা প্রথম কোনো পেশাদার ক্লাব। বর্তমানে ক্লাবটির মালিকানায় রয়েছে কলম্বিয়ান বিনিয়োগকারী গ্রুপ 'গ্রুপো টিএইচ', যাদের কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও ফুটবল ক্লাব রয়েছে।
এছাড়া উরুগুয়ের ক্লাব 'দেপোর্তিভো এলএসএম'-এর আংশিক মালিকানাও রয়েছে ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ ও তার হাতে। তবে সব ছাপিয়ে এলদেনসের মতো একটি পেশাদার ক্লাব অধিগ্রহণের খবরটি ফুটবল দুনিয়ায় বেশ বড় চমক হিসেবেই এসেছে।
১৯২১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ক্লাব এলদেনসের ইতিহাস অবশ্য খুব একটা মসৃণ নয়। দীর্ঘ সময় স্প্যানিশ ফুটবলের নিচের সারিতে কাটিয়ে ২০২৩ সালে দীর্ঘ সময় পর দ্বিতীয় স্তরে উন্নীত হয় তারা। যদিও ২০২৫ সালে অবনমনের স্বাদ পেতে হয়েছিল, তবে গত গ্রীষ্মেই আবারও তারা দ্বিতীয় বিভাগে ফিরে এসেছে। বর্তমান মৌসুমে শুরুর দিকের পারফরম্যান্স খুব একটা ভালো না হওয়ায় সম্প্রতি কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করেছে ক্লাবটি। মাত্র ৫ হাজার ৭৬৬ ধারণক্ষমতার ছোট্ট 'নুয়েভো পেপিকো আমাত' স্টেডিয়ামে খেলা এই ক্লাবটির কপালে এখন ভাগ্যবদলের সোনালী সুযোগ উঁকি দিচ্ছে।
অবশ্য দুটি ক্লাবের মালিকানা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো আইনি জটিলতায় পড়ার আশঙ্কা নেই মেসির। কারণ কর্নেয়া খেলছে পঞ্চম বিভাগে আর এলদেনসে রয়েছে দ্বিতীয় বিভাগে। মাঝখানে তিন ধাপের ব্যবধান থাকায় আপাতত স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নিয়মে কোনো বাধা আসছে না।
তবে ভবিষ্যতে দুই দলই যদি একই স্তরে উন্নীত হয়, তখন একই মালিকানার কারণে কিছু জটিলতা তৈরি হতে পারে। আপাতত কাগজপত্রের যাচাই-বাছাই এবং স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।
বিগ ব্যাশে রিশাদের দলে অ্যাডাম জাম্পা