ভারতে দুই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি তরুণী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা দুই তরুণী হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামের লাবু বিশ্বাসের মেয়ে লাবনী বিশ্বাস এবং একই উপজেলার মহিষখোলা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস।
লাবনী বিশ্বাস জানান, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে ২০২৪ সালের ৪ আগস্ট সীমান্তপথে অবৈধভাবে তারা ভারতের বেঙ্গালুরুতে যান। সেখানে বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। পরে পুলিশ তাদের আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের দুই বছরের সাজা দিয়ে কারাগারে পাঠান।
সাজা ভোগের পর বেঙ্গালুরুর ‘বালামন্দির চাইল্ড হোম’ তাদের দায়িত্ব নিয়ে শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় তারা দেশে ফেরেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারত থেকে ফেরত আসা দুই তরুণীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম বলেন, বেনাপোল পোর্ট থানা থেকে দুই তরুণীকে গ্রহণ করে শেল্টার হোমে রাখা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি