চট্টগ্রাম নগরীর নিম্ন আয়ের মানুষ ও পানি সংকটপূর্ণ এলাকার বাসিন্দাদের জন্য সাশ্রয়ী মূল্যে নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে ১০০টি ‘ওয়াটার এটিএম বুথ’ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসা ও ওয়াটারএইড বাংলাদেশের মধ্যে তিন বছর মেয়াদি একটি অংশীদারত্ব চুক্তি সই হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম ওয়াসার বোর্ড কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়াসার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম এবং ওয়াটারএইড বাংলাদেশের পক্ষে কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী চুক্তিপত্রে সই করেন।
প্রকল্পের আওতায় পরীক্ষামূলকভাবে নগরীর বিভিন্ন জনবহুল ও বস্তি এলাকায় এসব বুথ স্থাপন করা হবে। চুক্তি অনুযায়ী, বুথ স্থাপনের জন্য জমি বা স্থান সরবরাহ করবে চট্টগ্রাম ওয়াসা। আর সব ধরনের মূলধনি যন্ত্রপাতির সম্পূর্ণ অর্থায়ন করবে ওয়াটারএইড বাংলাদেশ। সরকারি জমি পাওয়া না গেলে বিকল্প ব্যবস্থাপনার মাধ্যমে বুথের স্থান নির্ধারণ করা হবে।
গ্রাহকদের মানসম্মত পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াসার সরবরাহ লাইনের পানির গুণগত মান পরীক্ষা করবে ওয়াটারএইড এবং প্রয়োজনে অতিরিক্ত শোধন ব্যবস্থা যুক্ত করবে। বুথে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা ৪৮ ঘণ্টার মধ্যে সারিয়ে তোলার বাধ্যবাধকতা রাখা হয়েছে। তবে কোনো বুথ ৭২ ঘণ্টার বেশি বন্ধ থাকলে জনভোগান্তি এড়াতে বিকল্প উপায়ে পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, অনুমোদনহীন ব্যক্তি বা মাধ্যম ছাড়া বুথ থেকে সরাসরি খুচরা পানি বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, এই উদ্যোগ নগরীর পানি সেবাকে আরও জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করবে। পানির জন্য প্রতিদিন অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করা মানুষের ভোগান্তি এতে অনেকটাই কমে আসবে।
তিনি বলেন, ভবিষ্যতে লবণাক্ততাপ্রবণ এলাকায় রিভার্স অসমোসিস (আরও) প্রযুক্তিতে পানি সরবরাহ, অ্যাপের মাধ্যমে ওয়াসার বিলিং সিস্টেম আধুনিকায়ন এবং নলকূপ স্থাপনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শারমিন আক্তারের সভাপতিত্বে উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) শারমিন আলম, উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) বিষ্ণু কুমার সরকার এবং ওয়াটারএইডের প্রোগ্রাম অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি ডিরেক্টর পার্থ হেফাজ সেখসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বোর্ডে আবারও ফলাফল জালিয়াতি!
ঢাকা-চট্টগ্রাম লংমার্চে থাকবে১ হাজার গাড়ি