মায়ের মৃত্যু: চিন্ময় দাসের প্যারোলে মুক্তি

চিন্ময় কৃষ্ণ দাসের পুরো নাম চন্দন কুমার ধর। তিনি ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে পরিচিত।

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে কারাবন্দী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসন। পরিবারের আবেদনের গ্রেক্ষিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  সৈয়দ মাহবুবুল হক এই আদেশ দেন।

এর আগে প্যারোলে মুক্তির জন্য চিন্ময়ের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। আজ সকাল ৯টার দিকে হাটহাজারীর পুণ্ডরীক ধামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানী ধর (৭২) মারা যান।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা প্রশাসক  মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন,  পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। তার প্যারোল আবেদন মঞ্জুর করা হয়েছে। তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোল দেওয়া হয়েছে।

চট্টগ্রাম  কেন্দ্রীয় কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন বলেন, বিষয়টি আমরা শুনেছি। আদেশটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে মুক্তি দেওয়া হবে।

চিন্ময় কৃষ্ণ দাসের পুরো নাম চন্দন কুমার ধর। তিনি ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে পরিচিত।

২০২৪ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমাবেশের পর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ওই মামলায় ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলাতেও চিন্ময় কৃষ্ণ দাসকে আসামি করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় বিভিন্ন সময়ে জামিন হলেও একাধিক মামলা চলমান থাকায় তিনি কারাগারে রয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত