পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টের পর খাল থেকে জেলের মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পিএম

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টের পর খাল থেকে জেলের মরদেহ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 

বরগুনার পাথরঘাটায় ট্রলার ধোয়ার প্রস্তুতির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালে পড়ে দেলোয়ার হোসেন (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় এক ঘণ্টা পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিষখালী নদীসংলগ্ন বাদুরতলার খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাচ্চু হাওলাদার (৫০) নামে আরেক জেলে আহত হয়েছেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আনসার খানের মালিকানাধীন এফবি সীমা নামের একটি ট্রলার ধোয়া-মোছার কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃত দেলোয়ার হোসেন বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের জয়নাল খলিফার ছেলে। তিনি প্রায় তিন মাস আগে পাথরঘাটায় এসে ট্রলারের জেলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। আহত বাচ্চু হাওলাদার পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাজেম হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও দেলোয়ারের সহকর্মী জেলে সরোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১২টায় মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা ছিল। তাই নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি হিসেবে তারা ট্রলারটি ধোয়া-মোছা করছিলেন। এ সময় খালের পাড়ের একটি ঘর থেকে সাবমারসিবল পাম্প চালানোর জন্য বিদ্যুতের সংযোগ নিতে গিয়ে দেলোয়ার তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালে পড়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বাচ্চুও আহত হন। পরে স্থানীয় এক ডুবুরি খালে নেমে দেলোয়ারের মরদেহ উদ্ধার করেন।

আহত বাচ্চুকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্রলারের মাঝি জয়নাল হোসেন জানান, তারা প্রতিবছরই জেলেদের দাদন দিয়ে ট্রলারে মাছ শিকার করতে নিয়ে যান। দেলোয়ার হোসেনও বরিশালের চরমোনাই এলাকা থেকে পাথরঘাটা এসে ট্রলার থেকে দাদন নিয়ে ট্রলারের শ্রমিকের কাজ করছিলেন। চোখের সামনে একটি তাজা প্রাণ এরকমের চলে যাবে এটা ভাবতেও অনেক কষ্ট লাগছে। দেলোয়ারের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা আসলে পরবর্তী কার্যক্রম হবে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, ঘটনা শোনার সাথে সাথেই ওই স্থানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত