প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামী চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার( ২৯ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার শুনানি শেষে এ আদেশ দেন।
জানা গেছে, আজ আসামিপক্ষের আইনজীবী মফিজুল ইসলাম ডনের জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, আশরাফুল হক ডন ঘটনার বিষয়ে কিছুই জানতেন না। তাকে অহেতুক হয়রানি করার উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে। আইন অনুযায়ী তিনি জামিন পাওয়ার হকদার। এ ছাড়া তিনি শারীরিকভাবে অসুস্থ এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্থায়ী ঠিকানা রয়েছে এবং জামিন পেলে তিনি পলাতক হবেন না বলেও আদালতকে জানান আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় গত ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে ২৭ আগস্ট শুনানি শেষে আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ৯ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
গত ২০ অক্টোবর সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। এ নির্দেশের পর ওই দিন মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।
সালমান শাহ হত্যা: খল অভিনেতা ডন রিমান্ড শেষে কারাগারে
খল অভিনেতা ডন ৫ দিনের রিমান্ডে