লাল-সবুজ জার্সির প্রতিনিধিদের বিশ্বকাপের স্বপ্ন আজ এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। জুনিয়র এশিয়া কাপ হকির পঞ্চম স্থান নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচে জাপানের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল।
জাপানি যুবাদের আক্রমণাত্মক ও গতিময় খেলার সামনে খেই হারিয়ে ৬-২ গোলের বড় ব্যবধানে হেরে বসে বাংলাদেশ। এই হারের ফলে আগামী বছরের যুব হকি বিশ্বকাপে খেলার সোনালী সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের যুবাদের।
গতকাল অনূর্ধ্ব-২০ নারী হকি দলও কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হেরে সরাসরি বিশ্বকাপ খেলার দৌড় থেকে ছিটকে পড়ে। সেখানে এবার সামিল হলো যুবাদের হতাশাও।
ম্যাচের শুরু থেকেই খেলার লাগাম নিজেদের হাতে রেখেছিল জাপান। চীনের মোকির টার্ফে লড়াই শুরুর মাত্র দ্বিতীয় মিনিটেই সেয়া ইয়ামাদার ফিল্ড গোলে এগিয়ে যায় জাপানিরা। এরপর সময় যত গড়িয়েছে, জাপানের আক্রমণ ততই ধারালো হয়েছে। বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় তারা। ম্যাচের ২৯ মিনিটে ইউনসুকে সোনে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এর ঠিক এক মিনিট পর শোতা হানায়ামার ফিল্ড গোলে স্কোরলাইন ৩-০ করে ফেলে জাপান।
দ্বিতীয়ার্ধের শুরুতেও জাপানিদের গোলবন্যা থামেনি। ৩৬ এবং ৪১ মিনিটে জোড়া গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেন রিনতারো সাকাই। বাংলাদেশের রক্ষণভাগ যখন জাপানের ফরওয়ার্ড লাইনের সামনে পুরোপুরি দিশাহারা, ঠিক তখনই ৪১ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান কমান মেহেদী। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ ৪৫ মিনিটে কিয়োয়া তোয়ার আরও এক দুর্দান্ত গোলে জাপান ৬-১ ব্যবধানে ম্যাচের নিয়ন্ত্রণ একপ্রকার নিশ্চিত করে ফেলে।
ম্যাচের শেষ কোয়ার্টারে ব্যবধান কমানোর মরিয়া চেষ্টা চালায় বাংলাদেশ। পেনাল্টি কর্নারের সুবিধা পেলেও সারাক্ষণ তার সঠিক ব্যবহার করতে ব্যর্থ হয় লাল-সবুজরা। পুরো ম্যাচে জাপান ১০টি পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশ পেয়েছিল ১২টি, যা কাজে লাগাতে পারেনি। ৫০ মিনিটে মুন্নার একটি পেনাল্টি কর্নার গোল স্কোরলাইন ৬-২ এ আনলেও তা হারের ব্যবধান কমানো ছাড়া কোনো উপকারে আসেনি।
বড় ব্যবধানের এই হারে টুর্নামেন্টের সেরা পাঁচে থেকে আগামী যুব হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের স্বপ্ন পুরোপুরি ভেঙে গেল। এশিয়া কাপের মিশনে বাংলাদেশ দল এখন নিজেদের শেষ ম্যাচে সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী লড়াইয়ে মাঠে নামবে।
মরক্কোর বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি উড়িয়ে দিল ফিফা