শাহজালাল বিমানবন্দরে ৭৬ ভরি সোনাসহ আটক ৩

উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য আনুমানিক ১ কেটি ৩৭ লাখ টাকা।

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬ ভরি সোনাসহ তিন জনকে আটক করেছে আমর্ড ব্যাটালিয়ন পুলিশ। আটককৃতরা হলেন মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাছান মিয়া (২৩)। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে  বিমানবন্দরের গোলচত্বর সংলগ্ন উত্তর পাশের ফুটপাতে কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সুকৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স তাদের আটক করে।

উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য আনুমানিক ১ কেটি ৩৭ লাখ টাকা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশে বাংলাদেশে আনা হয়েছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার  মোহাম্মদ রেজাউল কবির বলেন, 'বিমানবন্দর এলাকায় আমরা নিরাপত্তায় আপসহীন, অপরাধ দমনে অঙ্গীকারবদ্ধ। চোরাচালান প্রতিরোধ ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ও তৎপর ভূমিকা পালন করছে।

তিনি বলেন। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।'

সর্বশেষ সর্বাধিক পঠিত