গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ) উপজেলার পাটগাতী ইউনিয়নের মধ্যপাড়া খানকা মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী জানায়, ওইদিন রাতে পুরুষ সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। ফলে সন্তানদের নিয়ে তিনি একাই বাড়িতে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ৩ থেকে ৪ জন ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে ধর্ষণ করে।
ঘটনার একপর্যায়ে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ওই বাড়িতে ছুটে যান। সেখানে তারা ভুক্তভোগী নারীকে অচেতন অবস্থায় দেখতে পান বলে স্থানীয়রা জানান। এ সময় অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। আমরা অভিযুক্ত আকবর ও সোহাগ কাজী নামে দুই জনকে গ্রেপ্তার করেছি। অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’