বিরোধীদলীয় নেতা বললেন

সুন্নাহ থেকে সরে যাওয়ায় মুসলিম উম্মাহর বিপর্যয়

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ এএম

সুন্নাহ থেকে সরে যাওয়াই মুসলিম উম্মাহর বিপর্যয়ের কারণ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, অতীতে যারা রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শকে ধারণ করেছেন, তারা সম্মানিত হয়েছেন এবং পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন। কিন্তু বর্তমানে মুসলিম উম্মাহর যে চরম বিপর্যয়, অবক্ষয় ও লাঞ্ছনা, তার মূল কারণ হলো আল্লাহর দেওয়া বিধান এবং রাসুল (সা.)-এর দেখানো পথ বা সুন্নাহ থেকে সরে যাওয়া। এই পথ ছেড়ে দেওয়াতেই আজ মুসলমানরা পরাজিত হচ্ছে এবং নিজ দেশেই পরবাসীতে পরিণত হয়েছে। গতকাল শুক্রবার  রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অধ্যয়ন, সুন্নাহভিত্তিক জীবন গঠন এবং তরুণসমাজের মাঝে সিরাতচর্চা বিস্তারের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতা ‘রোড টু সিরাহ-২৬’-এর চূড়ান্ত পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ১০০ নম্বরের চূড়ান্ত মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৩টায় একই ভেন্যুতে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি) এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক শামছুল আলম।

প্রতিযোগীদের প্রতি গভীর প্রত্যাশা ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, সিরাতচর্চার মাধ্যমে অংশগ্রহণকারীদের হৃদয় হেদায়েতের আলোয় আলোকিত হয়েছে। তাদের এই অংশগ্রহণ যেন কেবল পার্থিব পুরস্কার বা সনদ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং এটি যেন তাদের সারা জীবনের জন্য একটি আলোকিত পথচলার সূচনা হয়। তিনি আশা প্রকাশ করেন, প্রতিযোগীরা প্রকৃত শিক্ষার মাধ্যমে নিজেদের এবং স্রষ্টাকে চিনবে এবং তাদের ভেতরের মেধাকে ক্ষতিকর পথে বা কেবল ব্যক্তিস্বার্থে নয়, বরং মানবতার কল্যাণে কাজে লাগাবে। পরিশেষে তিনি দোয়া করেন, এই শিশুরা যেন হেদায়েতের ওপর অবিচল থেকে দুনিয়া ও আখেরাতে সফল হয় এবং তাদের পিতা-মাতার জন্য চোখজুড়ানো নেক সন্তান হওয়ার পাশাপাশি দেশ ও জাতির জন্য এক বড় অহংকারে পরিণত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত